Logo

রাজশাহী: শান্তিপূর্ণ ভোটে ৬ আসনের ৪টিতে এগিয়ে বিএনপি

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৩
রাজশাহী: শান্তিপূর্ণ ভোটে ৬ আসনের ৪টিতে এগিয়ে বিএনপি
ছবি: সংগৃহীত

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজশাহীর ৬টি সংসদীয় আসনে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট উৎসব চলেছে। বর্তমানে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা চলছে।

বিজ্ঞাপন

বেসরকারি ফলাফলে দেখা গেছে, ৬টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি প্রার্থী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল এবং রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ধানের শীষের প্রার্থী আবু চাঁদ এগিয়ে রয়েছেন।

জানা গেছে, রাজশাহী-৪ (বাগমারা) আসনের শ্রীপুর আসনের মেন্দিপাড়া ভোটকেন্দ্রে এনামুল হক নামে এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখম করেছে বিএনপির কর্মীরা। এছাড়া রাজশাহী-৫ (দুর্গাপুর) আসনের ইসমাইল স্বর্ণকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে মারামারিতে মিঠুন নামে জামায়াতের এক কর্মী আহত হয়েছে। এছাড়া নগরীর শিরোইল কেন্দ্রে ভিডিও করার দায়ে দুই জামায়াত কর্মীর সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বিজ্ঞাপন

রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার জানান, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট শেষ হয়েছে। এখন বেসরকারি ফলাফল ঘোষণার অপেক্ষায় আছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, রাজশাহীর ৭৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে এখন প্রিসাইডিং অফিসারদের তত্ত্বাবধানে ভোট গণনা চলছে। রাজশাহী জেলায় মোট ভোটার ২২ লাখ ৯২ হাজার ৩১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৩৮ হাজার ৬৩১ জন এবং নারী ভোটার ১১ লাখ ৫৩ হাজার ৪৫৯ জন।

রাজশাহী-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬৮ হাজার ৬৮০ জন, রাজশাহী-২ আসনে ৩ লাখ ৬৯ হাজার ৫৬৪ জন, রাজশাহী-৩ আসনে ৪ লাখ ২৩ হাজার ৯৩৭ জন, রাজশাহী-৪ আসনে ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন, রাজশাহী-৫ আসনে ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন ও রাজশাহী-৬ আসনে ৩ লাখ ৫৬ হাজার ৯৫৪ জন। রাজশাহীর ৬টি আসনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD