Logo

বগুড়ায় গড়ে ভোট পড়েছে ৬৯.১০ শতাংশ

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:২৫
বগুড়ায় গড়ে ভোট পড়েছে ৬৯.১০ শতাংশ
ছবি: সংগৃহীত

বগুড়ার সাতটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। বর্তমানে কেন্দ্রগুলোতে গণনার কাজ চলছে।

বিজ্ঞাপন

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত (পোস্টাল ব্যালট ছাড়া) সাতটি আসনে গড়ে ৬৯ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে। আসনভিত্তিক হিসেবে সর্বোচ্চ ভোট পড়েছে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে— ৭৩ দশমিক ৪৫ শতাংশ।

বিকেল সাড়ে ৪টার হিসাব অনুযায়ী অন্যান্য আসনে ভোটের হার হলো: বগুড়া-১: ৬১.৮৬ শতাংশ; বগুড়া-২: ৬৮.৫৫ শতাংশ; বগুড়া-৩: ৭০.৫১ শতাংশ; বগুড়া-৫: ৭০.৩২ শতাংশ; বগুড়া-৬ (সদর): ৭১.১৫ শতাংশ; বগুড়া-৭: ৬৭.৮৯ শতাংশ।

বিজ্ঞাপন

এদিকে পোস্টাল ব্যালটেও উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। সাতটি আসনে গড়ে ৭৮ দশমিক ৬৯ শতাংশ পোস্টাল ব্যালট জমা পড়েছে। এর মধ্যে বগুড়া-৫ আসনে সর্বোচ্চ ৮৩ দশমিক ২৪ শতাংশ পোস্টাল ভোট গ্রহণ হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ভালো উপস্থিতি ছিল। বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে প্রিসাইডিং কর্মকর্তারা গণনার কাজ করছেন।

বিজ্ঞাপন

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ৯৮৩টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল। দিনভর নারী ও নতুন ভোটারদের সক্রিয় উপস্থিতি নির্বাচনে উৎসবের আমেজ তৈরি করে।

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, সার্বিক ভোটের হার সন্তোষজনক। ফল ঘোষণা প্রস্তুতি চলছে এবং রাতেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারি ফলাফল জানানো হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD