বিজয় উদযাপনে শোভাযাত্রা নয়, বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের সাফল্য অর্জনের পরও কোনো আনন্দ মিছিল বা জনসভা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজয় উদযাপনের পরিবর্তে তারা কৃতজ্ঞতা ও প্রার্থনার কর্মসূচিতে অংশ নেবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল ভোটে নির্বাচিত করায় দেশবাসীর প্রতি বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। এই উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঢাকাসহ সারা দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের মানুষের কল্যাণ ও শান্তি কামনা করা হবে।
বিজ্ঞাপন
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি কোনো ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা সমাবেশ করবে না। এ বিষয়ে ঢাকাসহ দেশব্যাপী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের দোয়ার কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানানো হয়েছে। মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় রীতি অনুযায়ী দেশ ও জনগণের মঙ্গল কামনায় প্রার্থনা করার অনুরোধ করেছে দলটি।
বিজ্ঞাপন
বিএনপির নেতারা বলছেন, এই কর্মসূচির মাধ্যমে তারা রাজনৈতিক বিজয়ের চেয়ে জাতীয় ঐক্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিতে চান।








