আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান

ভোটের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশের দায়িত্ব বিএনপির হাতে তুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
নজরুল ইসলাম জানান, রাত থেকেই তারা ফলাফল পর্যবেক্ষণ করছিলেন এবং দলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত ছিলেন। ঘোষিত ফল অনুযায়ী দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি জয় পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। জোটসঙ্গীদের অনেক প্রার্থীও বিজয়ী হয়েছেন। তার ভাষ্য, এ ফলাফলের মাধ্যমে দেশের কল্যাণে আগামী পাঁচ বছর কাজ করার দায়িত্ব জনগণ বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করেছে।
নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের অনেক নির্বাচনে প্রাণহানি ও সহিংসতার ঘটনা ঘটেছে এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে। এবার সে ধরনের বড় কোনো ঘটনা ঘটেনি, যা ইতিবাচক দিক। তবে দীর্ঘ সময় ভোটাররা ভোটাধিকার প্রয়োগ থেকে দূরে থাকায় অংশগ্রহণের সংস্কৃতিতে যে ভাটা পড়েছিল, তা পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে ভোটারদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
চট্টগ্রামের দুটি আসনের ফল আপিল বিভাগের আদেশে স্থগিত থাকার বিষয়ে তিনি বলেন, আদালতের সিদ্ধান্ত পাওয়ার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তবে ওই কয়েকটি আসন ছাড়াও সরকার গঠনে বিএনপির কোনো বাধা থাকবে না বলে জানান তিনি।
দলের প্রত্যাশা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে এবং প্রত্যেকেই জয়ের আশা নিয়েই নির্বাচনে অংশ নিয়েছেন। আগামী নির্বাচনে আরও ভালো ফলের আশাবাদও ব্যক্ত করেন তিনি।








