Logo

জুলাইয়ের চেতনা ও গণভোটের রায়ের প্রতি অবজ্ঞা করেছে সরকারি দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৩
জুলাইয়ের চেতনা ও গণভোটের রায়ের প্রতি অবজ্ঞা করেছে সরকারি দল
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণের ক্ষেত্রে সরকারি দলের অবস্থানকে ‘জুলাইয়ের চেতনা ও গণভোটের রায়ের প্রতি অবজ্ঞা’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ও গণভোটের ফলাফলের প্রতি সম্মান দেখানোকে তারা নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে দুটি পৃথক শপথ এবং দলীয় সংসদীয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ সচিবালয়ের পাঠানো আমন্ত্রণপত্রে দুটি শপথের বিষয় উল্লেখ ছিল। প্রথমটি সংসদ সদস্য হিসেবে এবং দ্বিতীয়টি জুলাই চার্টার ও গণভোটের প্রজ্ঞাপনের ভিত্তিতে সংস্কার সংশ্লিষ্ট শপথ।

বিজ্ঞাপন

তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী তারা দুই ধরনের শপথ নিতেই প্রস্তুত ছিলেন।

তবে সংস্কার পরিষদে প্রবেশের পর জানতে পারেন, সরকারি দলের সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এ বিষয়ে সংসদ সচিব তাদের মতামত জানতে চাইলে তারা স্পষ্ট করেন যে, আমন্ত্রণপত্রে উল্লিখিত দুটি শপথই গ্রহণ করতে তারা এসেছেন।

বিজ্ঞাপন

জামায়াত আমির প্রশ্ন তোলেন, “আমরা দু’টি শপথ নিলাম, আর তারা কেন একটি নিলেন?”

তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচন স্বাভাবিক ধারায় হওয়ার কথা ছিল না; ২০২৪ সালের গণঅভ্যুত্থানই রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন করেছে। সেই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করে তিনি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের জনগণের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার ভাষ্য, গণভোটের রায় ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান জানানোই তাদের শপথ নেওয়ার মূল কারণ। যারা ভোট দিয়েছেন এবং যারা আন্দোলনে অংশ নিয়েছেন—সবার প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারি দল শপথ না নিয়ে সংস্কারের প্রশ্নে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। যদিও সরকারি পক্ষ থেকে সংসদ বসার পর প্রয়োজনীয় বিধান তৈরির কথা বলা হয়েছে, তবু দ্রুত তা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

ডা. শফিকুর রহমানের মতে, নির্বাচনী প্রচারণায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানানো হয়েছিল। সুতরাং সেই প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট শপথ গ্রহণ করাই যৌক্তিক হবে। কার কাছে শপথ নেওয়া হবে—সে বিষয়ে তাদের কোনো আপত্তি নেই; তবে জুলাইয়ের স্বীকৃতি ও সম্মান নিশ্চিত হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, জুলাইয়ের আত্মত্যাগ অস্বীকার করে বর্তমান সংসদ গৌরব অর্জন করতে পারবে না। বিকেলে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেও, জুলাইয়ের প্রশ্নে অবস্থান পরিষ্কার না হওয়ায় তারা অংশ নেননি বলে জানান জামায়াত আমির।

সবশেষে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, জুলাই শহীদ ও আন্দোলনকারীদের প্রতি সম্মান দেখানোর প্রশ্নে তারা কোনো আপস করতে পারেন না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও বিকেলের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব হয়নি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD