Logo

একাই শপথ নিলেন গণসংহতির জোনায়েদ সাকি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৬
একাই শপথ নিলেন গণসংহতির জোনায়েদ সাকি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের চতুর্থ ধাপে একাই শপথ গ্রহণ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জোনায়েদ সাকি। দলটির পক্ষ থেকে তিনি একমাত্র বিজয়ী হওয়ায় এককভাবেই শপথ নেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শপথ কক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির নির্বাচিত সংসদ সদস্যরা সিইসির কাছে শপথ নেন। তবে বিএনপি সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো শপথ নেননি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রথমদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রসঙ্গে কিছুটা অনড় অবস্থান দেখা গেলেও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সদস্যরা শপথ অনুষ্ঠানে অংশ নেন। তাদের সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারায় বিএনপির সঙ্গে শপথে অংশ নিতে না পারা ইশরাক হোসেন পরে পৃথকভাবে শপথ নেন।

দুপুর ১টার কিছু পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয়জন সংসদ সদস্যও শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৭টি আসনের ফলাফলে বিএনপি ২০৯টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি ছয়টি আসন পেয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসন এবং গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে।

শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে গঠিত এ সংসদে এখন আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী কার্যক্রমে সক্রিয় ভূমিকার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD