Logo

সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন জামায়াত আমির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১৮:০৭
সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

পূর্বনির্ধারিত সফরসূচি সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে জড়ো হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।

এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো, কুশল বিনিময় এবং আবেগঘন পরিবেশে তাঁকে বিদায় জানান প্রবাসীরা। অস্ট্রেলিয়া সফরে সিডনি ও ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে একাধিক সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন জামায়াত আমির।

এসব আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসী, পেশাজীবী, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

সফরের শুরুতে ২০ নভেম্বর রাতে সিডনিতে পৌঁছান জামায়াত আমির। পরদিন ২১ নভেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময়ে অংশ নেন তিনি।

একই দিন বিকেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ব্যাংকসটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে আয়োজিত শিশু-কিশোরদের আনন্দমেলা অনুষ্ঠানে যোগ দেন। পরে শিবিরের সাবেক নেতাদের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

২২ নভেম্বর ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির ক্যাম্পবেলটাউন ক্যাম্পাস অডিটরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও কমিউনিটি সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

এরপর ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের উন্নয়নে তাঁদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান।

সফরজুড়ে প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাঁদের প্রত্যাশা ও অভিজ্ঞতা শোনা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা ছিল তাঁর কর্মসূচির উল্লেখযোগ্য দিক। তবে নির্ধারিত সূচির আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীদলীয় নেতা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD