ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সব রাজনৈতিক দলের পাশে থাকবে এনসিপি

ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ অবস্থানে দলটি শেষ পর্যন্ত পাশে থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে দলের অবস্থান ও বৈঠকের আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন নাহিদ ইসলাম।
বৈঠকে গঙ্গা চুক্তি নতুন করে সম্পাদনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, চুক্তি নবায়নের ক্ষেত্রে ভারতের প্রতি বাংলাদেশের কঠোর অবস্থান স্পষ্ট করতে হবে। একই সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় দেশের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
নাহিদ ইসলাম আরও জানান, বৈঠকে সরকারকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংবিধান সংশোধন নিয়ে গঠিত একদলীয় কমিটির বিরুদ্ধেও আপত্তি জানিয়েছে এনসিপি। দলটির মতে, ওই কমিটির কার্যক্রম জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটিটি বাতিলের সুপারিশ করা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।
আওয়ামী লীগের সঙ্গে বর্তমান রাজনৈতিক লড়াইয়ের পার্থক্য তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই ৫ আগস্টেই শেষ হয়েছে। এখন মূল চ্যালেঞ্জ ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা করা। তাঁর অভিযোগ, ভারত থেকে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, গতকালও হিন্দুত্ববাদী একটি সংগঠন সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে। সেখানে পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতাও যুক্ত হয়েছেন বলে তিনি দাবি করেন। নাহিদ ইসলামের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের আমলেই সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন।
বিজ্ঞাপন
রাজনৈতিক ঐক্যের বিষয়ে সরকারের আহ্বান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপি ঐক্যের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে। তবে কেবল আনুষ্ঠানিক আলোচনা বা আলোচনার স্বার্থে আলোচনা করে কোনো লাভ নেই। আলোচনার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত ও ফলাফল আসতে হবে।
তিনি আরও বলেন, ঐক্যের উদ্যোগ শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জুলাইয়ের সব শক্তিকে একত্র করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান গড়ে তোলা প্রয়োজন। ফ্যাসিবাদবিরোধী অবস্থানে দেশের রাজনৈতিক দলগুলোর পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।








