আওয়ামী লীগ ঠেকানোর শর্তে জাতীয় ঐক্যে যাবে না এনসিপি: নাহিদ

শুধু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলার উদ্দেশ্যে জাতীয় ঐক্যের উদ্যোগ নেওয়া হলে তাতে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ডিসেম্বরে ঐকমত্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধনের চেষ্টা হলে সেই প্রক্রিয়া প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে ঐকমত্য চাইবে, আবার জানুয়ারিতে একদলীয় কমিটির রায় অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে, এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আমরা অংশ নেবো না।’
দেশের চলমান সংকটের কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা তাতে সাড়া দিতে প্রস্তুত। তবে জাতীয় ঐক্যের পরিবেশ তৈরিতে সরকারকে আগে কিছু কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘কিন্তু যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেটা অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে আর রাজনৈতিক দলগুলোর কাছেও মেসেজ যাবে যে সরকার আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলার কৌশল সম্পর্কে জানতে চান বলেও জানান নাহিদ ইসলাম। তার মতে, দেশকে কীভাবে এগিয়ে নেওয়া হবে এবং চলমান সংকট নিরসনে সরকারের অবস্থান কী, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট ভিত্তি ও দৃঢ় অঙ্গীকারের ওপর গুরুত্ব দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, অতীতে সরকার যেসব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে নতুন করে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। এমন উদ্যোগ নিতে হবে, যাতে রাজনৈতিক দলগুলো সরকারের আন্তরিকতা সম্পর্কে আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
বিজ্ঞাপন
জাতীয় ঐক্যের শর্ত হিসেবে তিনি আরও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারকে সুস্পষ্ট অঙ্গীকার করতে হবে।
নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, এসব মৌলিক বিষয়ে সরকারের প্রতিশ্রুতি ও কার্যকর পদক্ষেপ নিশ্চিত হলেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার প্রক্রিয়ায় এনসিপির অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে।








