Logo

একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বিলুপ্ত করতে হবে: নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৬, ১৮:৫৯
একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বিলুপ্ত করতে হবে: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগ শুরুর আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বিলুপ্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি তুলে ধরেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, দেশে বর্তমানে একটি সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দিতে প্রস্তুত।

তবে সংলাপের পরিবেশ তৈরির জন্য সরকারের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। নাহিদ ইসলামের ভাষ্য, ‘কিন্তু যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেটা অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে আর রাজনৈতিক দলগুলোর কাছেও মেসেজ যাবে যে সরকার আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য আলোচনায় সরকারের পরিকল্পনা ও সংকট মোকাবিলার কৌশল সম্পর্কে জানতে চান বলেও জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দেশকে কোন পথে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে এবং বর্তমান পরিস্থিতি কীভাবে সামাল দিতে চায় সরকার, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

নাহিদ ইসলামের মতে, জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট ভিত্তি ও বাস্তবসম্মত অঙ্গীকার থাকা জরুরি। অতীতে সরকারের পক্ষ থেকে যেসব প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। এমন উদ্যোগ নেওয়া প্রয়োজন, যাতে রাজনৈতিক দলগুলো সরকারের অবস্থান সম্পর্কে আশ্বস্ত হতে পারে। এ বিষয়ে এনসিপির পক্ষ থেকেও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

তিনি আরও সতর্ক করে বলেন, শুধু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ঠেকানোর উদ্দেশ্যে ডিসেম্বরে জাতীয় ঐকমত্যের কথা বলা হবে, অথচ জানুয়ারিতে একদলীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে—এমন প্রক্রিয়ায় এনসিপি যুক্ত হবে না।

বিজ্ঞাপন

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার সম্ভাব্য শর্তগুলো তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা এবং আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে সরকারকে সুস্পষ্ট অঙ্গীকার করতে হবে।

তার মতে, এসব মৌলিক বিষয়ে সরকারের আন্তরিক ও কার্যকর প্রতিশ্রুতি থাকলেই কেবল অর্থবহ জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার পথ তৈরি হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD