প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির চার নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করতে সচিবালয়ে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টার দিকে তারা সচিবালয়ে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন সিএফ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিষয়টি গুরুত্ব পেতে পারে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই দিন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ বিষয়ে সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে আলোচনাও করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
রাজনৈতিক অঙ্গনে ঐক্যের উদ্যোগের ধারাবাহিকতায় এবার ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় শুরু করছেন প্রধানমন্ত্রী। এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠককে সেই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।








