মন্ত্রিসভায় ডাক পেয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত

যশোর-৩ (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই শান্তনু ইসলাম সুমিত। এদিন বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
শান্তনু ইসলাম সুমিত জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, অমিত মন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য ফোন পেয়েছেন। তবে কোন মন্ত্রণালয় তিনি পাবেন, তা এখনও জানা যায়নি। শপথগ্রহণের পর দফতর বণ্টন করা হবে।
অনিন্দ্য ইসলাম অমিতের বাবা, তরিকুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ছিলেন। তিনি চারবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাবার পথ অনুসরণ করেই এবার মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন অমিত।
বিজ্ঞাপন
গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে ২ লাখ ১ হাজার ৩৩৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অনিন্দ্য ইসলাম অমিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল কাদের পান ১ লাখ ৮৭ হাজার ৪৬৩ ভোট।
১৯৭৫ সালের ২৪ আগস্ট যশোর জেলায় জন্মগ্রহণ করেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৯১ সালে এসএসসি ও ১৯৯৩ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞানে ১৯৯৬ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ফজলুল হক হলের হয়ে টিভি বিতর্ক প্রতিযোগিতায় নেতৃত্ব দেন তিনি।
বিজ্ঞাপন
রাজনীতির পাশাপাশি পেশাগত জীবনে অনিন্দ্য ইসলাম অমিত ল্যাবস্কান মেডিকেল সার্ভিসেস লিমিটেড ও দৈনিক লোকসমাজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি যশোর মেডিসিন ব্যাংক, রেড ক্রিসেন্ট সোসাইটি, যশোর ইনস্টিটিউট, বাংলা একাডেমি, যশোর প্রেস ক্লাব, যশোর চেম্বার অব কমার্স, যশোর ক্লাব, ঝিনাইদহ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন, গ্রাজুয়েট বায়োকেমিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বায়োকেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন।








