‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সংসদে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, জুলাই সনদে যে প্রতিশ্রুতি ও অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নের জন্য সরকার গঠনের পর কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিক প্রেক্ষাপটে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে এবং রাষ্ট্রকে নতুন ধারায় এগিয়ে নিতে সংসদ প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের মাধ্যমে সেই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি সংবিধানের ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর কোনো সদস্যের শপথ পাঠ করানোর এখতিয়ার নেই বলেও উল্লেখ করেন। এ কারণে সংবিধান সংস্কার পরিষদের শপথে কোনো প্রক্রিয়া গ্রহণ করা হয়নি।
সালাহউদ্দিন বলেন, আগামীতেও রাষ্ট্র পরিচালনা পুরোপুরি সাংবিধানিক কাঠামোর মধ্যে হবে।
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর শপথ, সরকার গঠন ও ভবিষ্যৎ রাষ্ট্রপরিচালনা—সবকিছুই সংবিধান অনুযায়ী হয়েছে এবং হবে বলেও তিনি জানান। একই সঙ্গে সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে তারেক রহমানকে নেতা নির্বাচিত করা হয়েছে এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তাকে প্রধানমন্ত্রী নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছে।
শপথ প্রক্রিয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের রায় ও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংসদে গিয়ে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে। সংশোধনের পর তৃতীয় তফসিলে শপথের ফরম সংযুক্ত করার বিষয়টি সংসদ নির্ধারণ করবে।
আরও পড়ুন: বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত ইসলামী
বিজ্ঞাপন
তিনি সংবিধানের ১৪৮(২)(ক) ধারার প্রসঙ্গ টেনে বলেন, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে অপারগ হলে বা অনুপস্থিত থাকলে তিন দিনের মধ্যে তাদের মনোনীত প্রতিনিধি শপথ পড়াবেন। তা না হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সাংবিধানিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হয়ে শপথ পাঠ করবেন। সেই বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারই শপথ পড়িয়েছেন।
সালাহউদ্দিন বলেন, সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর তারেক রহমান সংসদ সদস্যদের দুটি নির্দেশ দিয়েছেন— কোনো সংসদ সদস্য ট্যাক্স-ফ্রি গাড়ি নেবেন না এবং সংসদ সদস্য হিসেবে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না।
তিনি বলেন, আজ থেকে পরিবর্তনের শুরু। সংসদ সদস্য হলেই কেউ বিশেষ সুবিধাভোগী হবে—এ ধারণা বদলাতে হবে।








