১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিলেন ইশরাক

দেরিতে উপস্থিত হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ঢাকা–৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ গ্রহণ করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
আরও পড়ুন: বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত ইসলামী
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে সংসদ ভবনে উপস্থিত হতে না পারায় বিএনপির এই সংসদ সদস্য দলীয় এমপিদের সঙ্গে একসঙ্গে শপথ নিতে পারেননি। ফলে পরে ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথগ্রহণ পর্বে তিনি যুক্ত হন। তবে এদিন তিনি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণে অংশ নেননি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নানকে ২৩ হাজার ১৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।








