Logo

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২৪ অক্টোবর, ২০২৬, ১৩:৫৬
একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

সরকারের ভুলের দায় বিরোধী দল কেন নেবে—এমন প্রশ্ন তুলে সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দলের ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকারের ভালো উদ্যোগে সমর্থন জানানো হবে, তবে ভুল, অনিয়ম ও ব্যর্থতার সমালোচনা করতেও বিরোধী দল পিছপা হবে না।

বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, চাঁদাবাজি, প্রশাসনের দলীয়করণ, গণমাধ্যমের ভূমিকা, প্রবাসীদের অধিকার এবং জাতীয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “একটার পর একটা অঘটন ঘটবে, আর আমরা কি বসে থাকবো? ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন?”

তিনি অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে বলেন, আগে এমন পরিবেশ ছিল, যেখানে সরকারি দলের সব কর্মকাণ্ডকে ভালো এবং বিরোধী দলের সবকিছুকে খারাপ হিসেবে উপস্থাপন করা হতো। এমনকি সরকারি দল কোনো বক্তব্য দেওয়ার আগেই বিরোধী দল সমর্থন জানিয়ে দিত।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বর্তমানে সংসদে প্রধান বিরোধী দলের দায়িত্বে থেকে তাঁরা এমন সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চান বলে জানান তিনি। তাঁর ভাষ্য, কেউ চান বিরোধী দল সংসদে ভাঙচুর করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করুক, আবার সরকারি দল চায় তারা সব বিষয়ে সমর্থন জানাক। তবে এই দুই অবস্থানের কোনোটিই তাঁরা গ্রহণ করতে চান না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, পুলিশ বাহিনীতে অনেক দায়িত্বশীল ও দেশপ্রেমিক কর্মকর্তা রয়েছেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগী হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জেলা পরিষদে দায়িত্ব বণ্টন এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দলীয়করণের অভিযোগ নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। জেলা পরিষদে রাজনৈতিক ব্যক্তিদের পরিবর্তে প্রশাসনের কর্মকর্তাদের সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হলো না কেন, সেই প্রশ্নও উত্থাপন করেন তিনি।

বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলোর জন্য দুর্নীতি ও চাঁদাবাজিকে ক্ষতিকর হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজরা কোনো দলের নয়; তারা দলকে ডুবিয়ে দেন। কিন্তু তাঁদের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠলেও যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, নীতির প্রশ্নে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। কেউ ভুল করলে তাঁকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত, কিন্তু অপরাধ করলে ছাড় দেওয়া উচিত নয়।

নিজ দলের এক সংসদ সদস্যকে বহিষ্কারের প্রসঙ্গ তুলে তিনি জানান, ওই সংসদ সদস্যকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে তাঁরা ২৪ ঘণ্টাও সময় নেননি। বহিষ্কৃত ওই ব্যক্তির সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন ঘটনা ও অনিয়ম তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার কথা স্বীকার করেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের কোথায় কী ঘটছে, তা সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যায়। তবে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার পেছনে সংবাদমাধ্যমেরও দায় থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

সৌদি আরবের কারাগারে সাত হাজারের বেশি বাংলাদেশি বন্দি রয়েছেন বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সৌদি আরবের আইন অনুযায়ী তাঁদের বিচার হবে। তবে বন্দিদের বিষয়ে বাংলাদেশ সরকারকে অবহিত করা প্রয়োজন, যাতে তাঁরা ন্যায়বিচার পাচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়ার সুযোগ থাকে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির জানান, তাঁরা জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবেন না। অতীতেও তাঁরা এভাবে নির্বাচনে অংশ নেননি বলে উল্লেখ করেন তিনি। তবে আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিরোধীদলীয় নেতা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD