Logo

জোনায়েদ সাকি-নুরুল হক নুরও নেননি সংবিধান সংস্কার পরিষদের শপথ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪৮
জোনায়েদ সাকি-নুরুল হক নুরও নেননি সংবিধান সংস্কার পরিষদের শপথ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে সংসদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে নুরুল হক নুরসহ স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ছয়জন সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্ধারিত শপথবাক্য পাঠ করেননি।

এরপর দুপুর পৌনে ২টার দিকে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জোনায়েদ সাকি। তিনিও সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থাকেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

বিএনপি জোটের শরিক গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন। একই জোটের আরেক শরিক গণঅধিকার পরিষদের নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে এনসিপির মনোনয়নে নির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা করে শপথ নেন। একই ১১ দলীয় জোটে থাকা জামায়াতসহ অন্য শরিকরাও দুটি শপথই গ্রহণ করেছেন।

নুরুল হক নুরের রাজনৈতিক প্রেক্ষাপট:

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন নুরুল হক নুর। ২০১৮ সালে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন। কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থী অধিকার ও দুর্নীতিবিরোধী বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা রাখেন।

তিনি গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠা করেন, যা শুরুতে ছাত্র-যুবভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে। নির্বাচনব্যবস্থা সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং সংবিধানের বিভিন্ন ধারা সংশোধনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তিনি আলোচিত ও সমালোচিত হয়েছেন।

বিজ্ঞাপন

জোনায়েদ সাকির রাজনৈতিক কর্মকাণ্ড:

জোনায়েদ সাকি দীর্ঘদিন ধরে বামধারার রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবন থেকেই প্রগতিশীল আন্দোলনে সক্রিয় থেকে পরবর্তীতে গণসংহতি আন্দোলনের নেতৃত্বে আসেন। শ্রমিক অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার এবং বিচারবহির্ভূত হত্যা ও গুমের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সোচ্চার রয়েছেন।

বিজ্ঞাপন

সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনগুলো ঘিরে নির্দলীয় সরকারের অধীনে ভোট আয়োজনের দাবি তোলেন তিনি। পাশাপাশি সাংবিধানিক কাঠামো সংস্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং নির্বাহী বিভাগের ওপর সংসদের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পক্ষে বক্তব্য দিয়ে আসছেন।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD