জুলাই সনদ সংস্কার নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কারের ইস্যুতে সরকার ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিজ্ঞাপন
শনিবার (৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে সরকার টালবাহানা করছে। তারা এটাকে এড়িয়ে যেতে চায়। কিন্তু জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।
বিজ্ঞাপন
তিনি বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে। এ নিয়ে কোনো ছলচাতুরী দেশের মানুষ মেনে নেবে না।
বিএনপির সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা প্রকাশ্যে গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে। এর মাধ্যমে বিএনপি মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে।
বিজ্ঞাপন
নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা অব্যাহত থাকবে। পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচিও চলবে। এরপরও সরকার ইতিবাচক ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের পথ বেছে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ ও তারিকুল ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা।








