Logo

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সুরুজ মিয়া

profile picture
উপজেলা প্রতিনিধি
সাদুল্লাপুর, গাইবান্ধা
২৭ আগস্ট, ২০২৬, ১৯:১৫
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সুরুজ মিয়া
ফাইল ছবি।

গণঅধিকার পরিষদের (জিওপি) কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুরের সন্তান, ব্যবসায়ী ও সমাজসেবক মো. সুরুজ মিয়া। গত ২৫ আগস্ট দলটির সভাপতি মো. নুরুল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

মো. সুরুজ মিয়া ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দলীয় শীর্ষ নেতাদের দাবি, মো. সুরুজ মিয়া দীর্ঘদিন ধরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও ধর্মীয় সম্প্রীতির ভিত্তিতে গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সেবামূলক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানায়।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মো. সুরুজ মিয়া বলেন, কেন্দ্রীয় পরিষদ আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, আমি তা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। দলকে শক্তিশালীকরণের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং তৃণমূল মানুষের কল্যাণে তার ব্যবসায়িক ও সামাজিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলীয় লক্ষ্য অর্জনে কাজ করবেন।

দলীয় সূত্রে জানা যায়, নতুন দায়িত্বের পর সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে মো. সুরুজ মিয়ার। এর অংশ হিসেবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে দলের নীতি ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে তরুণদের সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD