Logo

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২১ মার্চ

profile picture
জনবাণী ডেস্ক
২১ মার্চ, ২০২৩, ০৭:৫৭
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ২১ মার্চ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এদিন ফাইনাল ম্যাচ দেখবেন

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২’ এর ফাইনাল আগামী মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এদিন ফাইনাল ম্যাচ দেখবেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

বিজ্ঞাপন

রবিবার (১৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাঙ্গাইল জেলার ঘাটাইলের নলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে। আর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে’ রাজবাড়ী জেলার সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোকাবিলা করবে নীলফামারী জেলার সদর উপজেলার পূর্ব পঞ্চপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। খেলার শুরু হবে বেলা ১টা ২৫ মিনিটে।

এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ২০১০ সাল থেকে প্রতিবছর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে প্রতিবছর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ‘ আয়োজন করা হচ্ছে। এ বছর ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ২২ লক্ষাধিক ক্ষুদে শিক্ষার্থী এ টুর্নামেন্ট অংশ নেয়।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD