Logo

স্কটল্যান্ড ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ জুন, ২০২৬, ১৭:১৭
স্কটল্যান্ড ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার পাশাপাশি গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রাখাই কার্লো আনচেলত্তির দলের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপের শীর্ষে রয়েছে তারা। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে আছে ব্রাজিল।

গ্রুপ ‘সি’ থেকে এখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি কারোরই। ব্রাজিল, মরক্কো এবং স্কটল্যান্ড— পরের রাউন্ডের দৌড়ে আছে তিন দলই। আজই নিশ্চিত হয়ে যাবে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় রাউন্ডের লাইন-আপ। কারও ওপর নির্ভরশীল না হয়ে বিশ্বকাপের শেষ বত্রিশে থাকতে হলে ব্রাজিলকে স্কটল্যান্ডের সঙ্গে শুধু ড্র করলেই হবে। গ্রুপের প্রথম স্থান নির্ধারণ হবে মরক্কো বনাম হাইতি ম্যাচ শেষে। একই দিন একই সময়ে হবে ম্যাচটি। টাইব্রেকিং নিয়ম অনুযায়ী, দুই দলের পয়েন্ট সমান হলে হেড টু হেড, গোল পার্থক্য ও গোল সংখ্যা বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

স্কটল্যান্ড ম্যাচে ব্রাজিলের একাদশে একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ঊরুর চোটের কারণে রাফিনহা খেলতে পারবেন না। তার পরিবর্তে আক্রমণভাগে সুযোগ পেতে পারেন ১৯ বছর বয়সী তরুণ ফুটবলার রায়ান।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নেমে একটা দারুণ ম্যাচ উপহার দেওয়া ছাড়া আর কিছুই ভাবছি না। রাফিনহার বিকল্প আমাদের মাথায় পরিষ্কার। কার্ডের কথা চিন্তা করে দল সাজানোর কোনো পাচ্ছি।’

অনুশীলনে ডান প্রান্তের আক্রমণে রায়ানকে ঝালিয়ে নিয়েছেন আনচেলত্তি। লুইস হেনরিখকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হলেও কোচের প্রথম পছন্দ এই তরুণ তুর্কিই। মাঠের গতি ও আক্রমণকে প্রসারিত করতে রায়ানের ওপর দারুণ আস্থা রাখছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই গুরু।

বিজ্ঞাপন

এদিকে ব্রাজিল ভক্তদের জন্য সুখবর হচ্ছে, স্কোয়াডে থাকছেন দলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। তবে শতভাগ ফিট না থাকায় এখনই তাকে ৯০ মিনিট খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না। ১০ নম্বর জার্সিধারী এই তারকা আজ শুরু করবেন সাইডবেঞ্চ থেকে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শেষভাগে তাকে মাঠে নামানো হতে পারে।

পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দলের ১০ দেখায় আটটিতে জয় পেয়েছে ব্রাজিল, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড এখনো ব্রাজিলের বিপক্ষে জয় পায়নি। বিশ্বকাপে চারবার মুখোমুখি হয়ে তিনবার জিতেছে ব্রাজিল, একটি ম্যাচ ড্র হয়েছে।

বিজ্ঞাপন

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

অ্যালিসন, দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD