মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড রোনালদোর

বিশ্বকাপের মঞ্চে আরেকটি অনন্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে দুই গোল করার নজির গড়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে ৪১ বছর ১৩৮ দিন বয়সে জোড়া গোল করেন রোনালদো। এর মাধ্যমে তিনি ভেঙে দেন লিওনেল মেসির রেকর্ড। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার সময় মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন।
শুধু তাই নয়, এই ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাসও সৃষ্টি করেছেন রোনালদো। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেকের পর থেকে প্রতিটি বিশ্বকাপেই গোল করার ধারাবাহিকতা বজায় রেখে তিনি প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন।
উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে জোয়াও কানসেলোর বাড়ানো বল থেকে নিজের প্রথম গোলটি করেন রোনালদো। সেই গোলই তাকে নিয়ে যায় ইতিহাসের নতুন উচ্চতায়।
বিজ্ঞাপন
বিশ্বকাপ ইতিহাসে ছয়টি আলাদা আসরে গোল করার কৃতিত্ব আর কোনো ফুটবলারের নেই। এই তালিকায় রোনালদোর পরেই আছেন তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, যিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করেছেন।
বিশ্বকাপে রোনালদোর গোলযাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালের আসরে, ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি।
বিজ্ঞাপন
তবে বিশ্বকাপে তার সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স আসে ২০১৮ সালের রাশিয়া আসরে। সেই টুর্নামেন্টে স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেছিলেন রোনালদো, যা বিশ্বকাপে তার একমাত্র হ্যাটট্রিক হিসেবে এখনো স্মরণীয়। ওই আসরে মোট চারটি গোল করেছিলেন পর্তুগিজ অধিনায়ক।








