ঢাকায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সবকিছু অনুকূলে থাকলে আগামী অক্টোবরের শুরুতেই দুই দলের এই ম্যাচ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে ৫ অথবা ৬ অক্টোবরের কথা জানা গেছে।
বিজ্ঞাপন
রবিবার (২৩ আগস্ট) ঢাকায় আসে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। বিমানবন্দর থেকে তারা সরাসরি জাতীয় স্টেডিয়ামে গিয়ে মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্সসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। পরে বসুন্ধরা কিংস অ্যারেনাও ঘুরে দেখেন প্রতিনিধিরা।
দিনের কর্মসূচির শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রাজিলের প্রতিনিধিদলের সদস্যরা। তাদের মাঠ পরিদর্শনের পর বাংলাদেশে ব্রাজিলের সম্ভাব্য সফর নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাফুফের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ফিফা আসিয়ান কাপের ব্যস্ততা শেষ হওয়ার পর ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার পর ৬ অক্টোবরের মধ্যে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সম্ভাব্য সূচি অনুযায়ী, ৫ অথবা ৬ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের কথা ভাবা হচ্ছে। এ জন্য প্রায় ৯০ সদস্যের একটি বহর নিয়ে বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।
বিজ্ঞাপন
তবে বাংলাদেশের জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে ব্রাজিলের প্রস্তাবে এখনো চূড়ান্ত সম্মতি দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা আসিয়ান কাপ, যার ফাইনাল ৩ অক্টোবর হওয়ার কথা। গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচও রয়েছে।
ফলে আসন্ন টুর্নামেন্টের সূচি, খেলোয়াড়দের বিশ্রাম এবং জাতীয় দলের প্রস্তুতি বিবেচনা করেই ব্রাজিলের বিপক্ষে ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বাফুফেকে।
অন্যদিকে, ৩ অক্টোবর কলকাতায় ভারত জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। এই ম্যাচ আয়োজনের জন্য ভারত ফিফা আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ায়। পরে তাদের পরিবর্তে বাংলাদেশকে টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়।
বিজ্ঞাপন
ভারত সফরের সঙ্গে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ব্রাজিল জাতীয় দল এর আগে কখনো বাংলাদেশে খেলতে আসেনি। তাই প্রস্তাবিত ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়ালে দেশের ফুটবল ইতিহাসে এটি হবে অন্যতম স্মরণীয় ঘটনা।
এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। এবার ব্রাজিলের মতো আরেক বিশ্ব ফুটবল পরাশক্তিকে ঢাকায় দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় দলের সূচি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বাফুফে।








