Logo

স্কটল্যান্ড ম্যাচে বিরতির পরে খেলবেন নেইমার, চোটে বাইরে রাফিনহা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ জুন, ২০২৬, ১৪:২৫
স্কটল্যান্ড ম্যাচে বিরতির পরে খেলবেন নেইমার, চোটে বাইরে রাফিনহা
ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে এসেছে সুখবর ও দুঃসংবাদ—দুটোই। চোট কাটিয়ে দলে ফিরছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তবে শুরু থেকেই মাঠে নামছেন না তিনি। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয়ার্ধে তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে কোচ কার্লো আনচেলত্তির।

বিজ্ঞাপন

অন্যদিকে চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দলের নিয়মিত রাইট উইঙ্গার রাফিনহা। তার পরিবর্তে তরুণ উইঙ্গার রায়ানকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টায় মায়ামিতে বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। মরক্কোর সঙ্গে ড্র এবং হাইতির বিপক্ষে জয়ের পর গ্রুপ পর্ব শেষ করতে জয় নিয়েই মাঠে নামতে চায় সেলেসাওরা।

বিজ্ঞাপন

ম্যাচ-পূর্ববর্তী শেষ অনুশীলনে রায়ানকে রাইট উইংয়ে রেখে আক্রমণভাগ সাজান আনচেলত্তি। সংবাদ সম্মেলনে তিনি জানান, রাফিনহার অনুপস্থিতিতে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রয়েছে। সুযোগ পেলেই রায়ান ভালো পারফরম্যান্স দেখিয়েছে এবং আক্রমণভাগে তার সম্ভাবনা উজ্জ্বল। একই সঙ্গে এই পজিশনের জন্য লুইজ হেনরিককেও বিবেচনায় রাখা হয়েছে।

স্কটল্যান্ড ম্যাচটি ব্রাজিলের জন্য গ্রুপসেরা হওয়ার লড়াই। মরক্কোর সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে বর্তমানে শীর্ষে রয়েছে ব্রাজিল। তাই কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন আনচেলত্তি।

দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় ক্যাসেমিরো ও ডগলাস সান্তোস ইতোমধ্যে দুটি করে হলুদ কার্ড দেখেছেন। স্কটল্যান্ড ম্যাচে আরেকটি কার্ড পেলে তারা নকআউট পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না। তবে এ বিষয়ে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ ব্রাজিল কোচ।

বিজ্ঞাপন

আনচেলত্তি বলেন, ‘আমরা সেরা একাদশ নিয়েই মাঠে নামার কথা ভাবছি। এখন আমাদের মূল লক্ষ্য ম্যাচ জেতা। কার্ড বা পরবর্তী পর্বের হিসাব নিয়ে ভাবার সময় নয়।’

ম্যাচ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘প্রতিটি ম্যাচে আমরা নিজেদের উন্নত করার চেষ্টা করছি। স্কটল্যান্ডের বিপক্ষে ভালো খেলতে পারলে নকআউট পর্বের জন্য আমরা আরও শক্ত অবস্থানে চলে যাব।’

বিজ্ঞাপন

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

অ্যালিসন বেকার, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা, রায়ান, ম্যাথেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD