Logo

মেন্টরের কাজটা কী, প্রশ্ন মাশরাফির

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৩, ০৩:৩৬
মেন্টরের কাজটা কী, প্রশ্ন মাশরাফির
ছবি: সংগৃহীত

মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন?

বিজ্ঞাপন

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে দেখা যেতে পারে এমনই আলোচনা চলছে। জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল মেন্টর হিসেবে তাকে দলে পেতে চাইছেন।  কিছুদিন আগে সেই ইচ্ছার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও তুলে ধরেছেন তামিম। তাই বিশ্বকাপে মেন্টর হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে মাশরাফি যাচ্ছেন কি না, এ নিয়ে ব্যাপক আলোচনাও হচ্ছে। 

বুধবার (২৬ জুলাই) ডেফোডিল ইউনিভার্সিটির একটি প্রোগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, “মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো... অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না।”

বিজ্ঞাপন

তবে দল যদি প্রয়োজন মনে করে তাহলে ভেবে দেখবেন বলেও জানালেন সাবেক এই টাইগার অধিনায়ক। তিনি বলেন, “সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।”

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী যদি তাকে মেন্টর থাকতে বলেন সেক্ষেত্রে তার আদেশ মানতে বাধ্য বলেও জানান মাশরাফি, “মাননীয় প্রধানমন্ত্রী কিছু চাইলে সেটা ভিন্ন জিনিস। সেটার সাথে তর্কে যাওয়ার বা কথা বলার সুযোগ নেই।” তবে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চান না তিনি

বিজ্ঞাপন

মাশরাফি বলেন, “এই মুহূর্তে আমি আপনাদের কী বলতে পারি। আমি কিছুই বলতে পারি না। কালকে কী পরিস্থিতি হবে, সেটা আমরা কেউ জানি না। সেরকম কোনো কিছু ঘটলে তখন দেখা যাবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে, দল ভালো থাকা, দল ভালো খেলা। যেটা আমরা সবাই আশা করছি।”

বিজ্ঞাপন

ভবিষ্যৎ ভাবনার বিষয়ে নড়াইল এক্সপ্রেস বলেন, “আমার কোনো মাইন্ড সেট-আপ নেই। আমি আগেও বলেছি, আমার এরকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। তো আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।”

বিজ্ঞাপন

এর আগে মাশরাফির মেন্টর হওয়ার আলোচনায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “এসব এখন বলার কোনো সুযোগই নেই। বিশেষ করে ওখানে (গণভবনে) যে আলাপ হয়েছে, ওখানেই থাকুক। এসব নিয়ে বাইরে আলাপ করার কোনো প্রশ্নই আসে না।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD