ফুটবলে দেখা যাবে ‘গ্রিন কার্ড’, যে ভাবে কাজ করবে

ফুটবলে দীর্ঘদিন ধরে শৃঙ্খলা বজায় রাখার একমাত্র হাতিয়ার ছিল লাল ও হলুদ কার্ড। তবে এবার মাঠে দেখা মিলল নতুন রঙের কার্ড—গ্রিন কার্ড। ফিফার পরীক্ষামূলক এই উদ্যোগে কোচরা রেফারির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাচ্ছেন, যা ফুটবলে স্বচ্ছতা ও ন্যায্যতা বাড়াবে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞাপন
চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে প্রথমবারের মতো এই নিয়ম ব্যবহার হয় মরক্কো-স্পেন ম্যাচে। ম্যাচের এক বিতর্কিত পেনাল্টি সিদ্ধান্তে মরক্কোর কোচ মোহাম্মদ ওহাবি রেফারিকে গ্রিন কার্ড দেখান। নিয়ম অনুযায়ী রেফারি বাধ্য হন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) মনিটরে গিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। পরে তিনি পেনাল্টি বাতিল করে দেন এবং স্পেনের খেলোয়াড়কে ডাইভ দেওয়ার কারণে হলুদ কার্ড দেখান। শেষ পর্যন্ত মরক্কো ২-০ ব্যবধানে ম্যাচটি জিতে নেয়।
গ্রিন কার্ডের নিয়ম
বিজ্ঞাপন
ফিফার নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি দল সর্বোচ্চ দু’বার গ্রিন কার্ড ব্যবহার করতে পারবে। কোচ গ্রিন কার্ড দেখালেই রেফারিকে ঘটনাটি পুনর্মূল্যায়ন করতে হবে। এর কার্যকারিতা অনেকটা ক্রিকেটের ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস), টেনিসের হক-আই বা আমেরিকান ফুটবলের কোচেস চ্যালেঞ্জের মতো।
ফিফার প্রতিক্রিয়া
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ‘এই উদ্যোগ ফুটবলে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে এবং বিতর্ক কমাবে। তবে দীর্ঘমেয়াদে এই নিয়ম টিকে থাকবে কি না, তা নির্ভর করবে এর গ্রহণযোগ্যতার ওপর।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে পর্তুগালে নারীদের এক ম্যাচে হোয়াইট কার্ড চালু হয়েছিল। এটি ফেয়ার প্লে বা ন্যায্য খেলার স্বীকৃতি হিসেবে ব্যবহৃত হয়েছিল, তবে তেমন জনপ্রিয়তা পায়নি। এবার ফিফার বিশেষ নজর গ্রিন কার্ডের দিকে, যা ফুটবলকে নতুন যুগে নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।








