সাকিব-মাশরাফির বিরুদ্ধে গণহত্যার মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

জাতীয় দলের সাবেক দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা-এর বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলাকে বিশ্বাসযোগ্য মনে করেন না ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশরাক হোসেন। তার মতে, এই দুইজনকে রাজনীতিবিদ হিসেবে নয়, বরং দেশের মূল্যবান ‘অ্যাসেট’ হিসেবে বিবেচনা করা উচিত।
বিজ্ঞাপন
একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইশরাক হোসেন বলেন, সাকিব ও মাশরাফি কেবল পরিচিত ক্রিকেটার নন, তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের বড় সম্পদ। জনগণও ইতোমধ্যে তাদের বিষয়ে নিজ নিজ অবস্থান স্পষ্ট করেছে।
তার ভাষ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ বাস্তবসম্মত মনে হয়নি এবং তিনি এমন কোনো প্রমাণ দেখেননি, যেখানে তারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বা সহিংস কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ঘরোয়া ক্রিকেটে অংশ নিলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের পর সাকিব আল হাসানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হওয়ায় তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
সাক্ষাৎকারে ইশরাক হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সর্বশেষ নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, বিসিবির কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, যা দুর্নীতি, বাণিজ্যিক স্বার্থ ও পক্ষপাতিত্বের সুযোগ তৈরি করে। তার মতে, একটি নির্দিষ্ট সিন্ডিকেট বোর্ড দখলের চেষ্টা করলে সেটির বিরুদ্ধে অবস্থান নেওয়াই স্বাভাবিক।
বিজ্ঞাপন
তবে বিসিবির বোর্ড রাজনীতিতে নিজের সক্রিয় হওয়ার কোনো আগ্রহ নেই বলেও স্পষ্ট করেন ইশরাক। তিনি বলেন, কাউন্সিলর হলেও তিনি বোর্ডে যাওয়ার পরিকল্পনা করেন না। তার লক্ষ্য পূর্ণকালীন রাজনীতিতে মনোযোগ দেওয়া।
একই সঙ্গে তিনি চান, যারা সার্বক্ষণিক ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করতে পারবেন, তারাই বোর্ড পরিচালনায় আসুক—আর রাজনীতিবিদরা সহায়ক ভূমিকা পালন করুক।








