বিশ্বকাপ সম্প্রচারে মিডিয়া স্বত্ব ৭২ কোটি টাকায় কিনছে সরকার

আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। বিশ্বের কোটি কোটি দর্শকের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও অপেক্ষা করছেন বৈশ্বিক এই আসর উপভোগের জন্য। দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে বিশ্বকাপের ম্যাচ পৌঁছে দিতে বড় উদ্যোগ নিয়েছে সরকার।
বিজ্ঞাপন
সরকার বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারের লক্ষ্যে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড-ডিপিএম) ‘অল মিডিয়া রাইটস’ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্যাট, কর এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় যোগ হলে মোট খরচ দাঁড়াবে প্রায় ৭২ কোটি ৭০ লাখ ৬৯২ টাকা।
বিজ্ঞাপন
এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি প্রস্তাব আজ (রবিবার) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে প্রস্তাবটি বিধি অনুযায়ী অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপনের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মিডিয়া স্বত্ব কেনার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত এলাকার দর্শকরাও বিশ্বকাপের ম্যাচ উপভোগের সুযোগ পাবেন। বিশেষ করে যাদের কাছে ক্যাবল নেটওয়ার্ক বা স্যাটেলাইট সংযোগ নেই, তারাও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির মাধ্যমে খেলা দেখতে পারবেন।








