বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল। এরই মধ্যে অস্ট্রেলিয়া নারী দলের সূচি নিয়ে এসেছে নতুন খবর। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বিজ্ঞাপন
আগামী অক্টোবর মাসে বাংলাদেশ নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন সূচির কারণে সেই সিরিজ আর অনুষ্ঠিত হচ্ছে না।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ওই সময় নিউজিল্যান্ড নারী দল অস্ট্রেলিয়া সফর করবে। সফরে দুই দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। এরপর আগামী মার্চ মাসে তারা আরও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
বিজ্ঞাপন
মূলত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে পরিবর্তন আনার পরই নিজেদের আন্তর্জাতিক সূচিতে রদবদল আনে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইসিসি প্রথমে টুর্নামেন্টটি জুন-জুলাইয়ে আয়োজনের পরিকল্পনা করলেও পরে তা পিছিয়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর ফলে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডকে নিজেদের সূচি নতুন করে সাজাতে হচ্ছে।
এর আগে ঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশ নারী দলের ৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল। সফরে ব্রিসবেন ও সিডনিতে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি নির্ধারিত ছিল।
বিজ্ঞাপন
তবে নতুন সূচিতে ওয়ানডে সিরিজ বহাল রাখা হলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করা হয়েছে। ফলে বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়া সফরে গেলেও কেবল ওয়ানডে সিরিজেই অংশ নেবে।
সূচি পুনর্বিন্যাসের এই সিদ্ধান্তের ফলে দুই দেশের নারী দলের মধ্যকার নির্ধারিত টি-টোয়েন্টি লড়াই আপাতত হচ্ছে না। যদিও ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানা গেছে।








