কাতারের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা তুজ জোহরা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ফাতেমা তুজ জোহরা কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও ফাতেমার ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি। তিনি মাত্র তিনটি ওয়ানডে ম্যাচ খেলেই ক্রিকেটকে বিদায় জানান। এরপর দীর্ঘ সময় বিকেএসপিতে কোচিংয়ের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেন তিনি।
বিজ্ঞাপন
কোচিং ক্যারিয়ারে ফাতেমা বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। ২০১১ সালে বাংলাদেশ নারী দলের সহকারী কোচ হিসেবে তিন মাস দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০১৭ সালে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবেও আরও চার মাস কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।
এরপর আন্তর্জাতিক পর্যায়েও কাজের সুযোগ পান তিনি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কোচ হিসেবে দায়িত্ব পালন করে নিজের অভিজ্ঞতার পরিধি বাড়ান ফাতেমা।
বিজ্ঞাপন
২০২২ সালে বিকেএসপি থেকে বিদায় নিয়ে তিনি মালদ্বীপ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে যোগ দেন। সেখানে দুই বছর কাজ করে দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। সর্বশেষ নতুন চ্যালেঞ্জ হিসেবে কাতার নারী দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছেন ফাতেমা তুজ জোহরা।
বিজ্ঞাপন
ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেও আরও বড় পরিসরে কাজ করতে চান এই বাংলাদেশি কোচ।








