মেসির খেলা দেখেন না এমবাপে, জানালেন কারণ

চলমান ফুটবল বিশ্বকাপে প্রায় সব বড় তারকাই গোলের দেখা পেয়েছেন। ফলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের লড়াই জমে উঠেছে বেশ ভালোভাবেই। যদিও টুর্নামেন্টের এখনও অনেক ম্যাচ বাকি, তবু গোলের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে।
বিজ্ঞাপন
ইতোমধ্যে আর্জেন্টিনার অধিনায়ক মেসি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন। আর তার পিছু নিয়েই এগিয়ে চলেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড এমবাপে।
সোমবার রাতে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে আবারও উজ্জ্বল ছিলেন মেসি। এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি। চলতি আসরে দুই ম্যাচে পাঁচ গোল করার পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। এর কয়েক ঘণ্টা পর এমবাপে ক্লোসাকে (১৬) ছুঁয়ে ফেলেন।
বিজ্ঞাপন
ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলে জয়ের পথে চলতি বিশ্বকাপের টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন এমবাপে। যার সুবাদে তার বিশ্বকাপ ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। যে তালিকায় এখন তার নামটি ক্লোসার পাশে এবং সর্বকালের বিশ্বকাপ গোলদাতার তালিকায় ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে পেছনে ফেলেছেন। গতকাল ছিল ফরাসি তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচ, করেছেন ৬০তম গোল।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় পরস্পর লড়াইরত দুজন আবার পিএসজির সাবেক সতীর্থ। এমবাপে অবশ্য মেসির সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, ‘মেসির সঙ্গে কোনো দ্বৈরথ নেই। লিও গোল করেছে, সে গোল করে এবং সবসময়ই করবে। সে কী করছে আমি তা দেখি না। কারণ সেটা দেখতে গেলে আমাকে আরও বেশি কিছু করতে হবে। আমি শুধু আমার দলের দিকেই মনোযোগ দিই।’
২৭ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড আরও বলেন, ‘আপনি যখন নিয়মিত গোল করেন, তখন স্বাভাবিকভাবেই এমন তুলনা সামনে আসে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের উন্নতি এবং আমরা কতদূর এগোতে পারছি, সেটি দেখা।’
বিজ্ঞাপন
ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন এমবাপে। তার পারফরম্যান্স দেখে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম মনে করেন, সামনে আরও অনেক রেকর্ড ভাঙবেন এই তারকা।
দেশম বলেন, ‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। সে এখন ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এবং সামনে আরও অনেক গোল করবে। মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়দের কথাও ভাবুন। কিলিয়ান কতদিন খেলবে, তা বলা কঠিন। তবে যতদিন মাঠে থাকবে, ততদিন সে গোল করতেই থাকবে। তার সামর্থ্য রয়েছে বিদ্যমান অনেক রেকর্ড নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার।’
বিজ্ঞাপন








