বিশ্বকাপের মাঝেই নাটকীয় প্রত্যাবর্তন ব্রাজিলের থিয়াগো সিলভার

বিশ্বকাপ চলাকালেই নিজের পুরোনো ক্লাবে ফেরার ঘোষণা দিলেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। সোমবার ফ্লুমিনেন্সে আনুষ্ঠানিকভাবে তার প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সালের শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে খেলবেন ৪১ বছর বয়সী এই তারকা ফুটবলার।
বিজ্ঞাপন
গত বছরের শেষ দিকে ফ্লুমিনেন্সে ছেড়ে পর্তুগালের ক্লাব পোর্তোতে যোগ দিয়েছিলেন সিলভা। তবে ইউরোপীয় মৌসুম শেষে দুই পক্ষের চুক্তির সমাপ্তি ঘটলে তিনি ফ্রি এজেন্টে পরিণত হন। এরপর থেকেই তাকে দলে ফেরানোর উদ্যোগ নেয় ফ্লুমিনেন্সে। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়েছে।
আরও পড়ুন: মেসির খেলা দেখেন না এমবাপে, জানালেন কারণ
মজার বিষয় হলো, ২০২৫ সালে সিলভার বিদায় ক্লাবটির পরিকল্পনার অংশ ছিল না। ফ্লুমিনেন্সে চেয়েছিল চুক্তির মেয়াদ অনুযায়ী অন্তত ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি দলের সঙ্গে থাকুন। কিন্তু ব্যক্তিগত ও পেশাগত কারণে তখন ইউরোপে ফেরার সিদ্ধান্ত নেন এই ডিফেন্ডার।
বিজ্ঞাপন
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তার ইউরোপে ফেরার পেছনে দুটি প্রধান কারণ ছিল। প্রথমত, ইংল্যান্ডে থাকা পরিবারের কাছাকাছি থাকা এবং দ্বিতীয়ত, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলে জায়গা পাওয়ার চেষ্টা। তবে শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি। সেলেসাওদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় পোর্তো ছাড়ার পর তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
এই পরিস্থিতিতে আবেগের টানে আবারও শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সেতে ফেরার সিদ্ধান্ত নেন সিলভা। যদিও শুরুতে তার প্রত্যাবর্তন খুব একটা সম্ভাবনাময় মনে হয়নি। ইউরোপেই ক্যারিয়ার চালিয়ে যাওয়া কিংবা অবসর নিয়ে কোচিংয়ে যুক্ত হওয়ার বিকল্পও সামনে ছিল।
বিজ্ঞাপন
তবে ফ্লুমিনেন্সে তাকে ফেরাতে বিশেষ উদ্যোগ নেয়। ক্লাবের অন্যতম সফল ও জনপ্রিয় এই ফুটবলারকে দলে ফেরাতে কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রাখে। কয়েক দফা আলোচনার পর ইতিবাচক অগ্রগতি হয় এবং শেষ পর্যন্ত দ্বিতীয়বারের মতো ফ্লুমিনেন্সের জার্সি গায়ে তোলার বিষয়ে সম্মত হন থিয়াগো সিলভা।








