ব্রাজিল শিবিরে স্বস্তি, পূর্ণাঙ্গ অনুশীলনে নেইমার

ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়েছে তারকা ফরোয়ার্ড নেইমারের অনুশীলনে ফেরা। পায়ের পেশির চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা এই ফুটবলার এবার প্রথমবারের মতো দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা অনেকটাই বেড়েছে।
বিজ্ঞাপন
তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তিনি ওই ম্যাচে মাঠে নামবেন কি না। তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছে দলের চিকিৎসক ও কোচিং স্টাফ।
আরও পড়ুন: মেসির জোড়া গোলে নকআউট পর্বে আর্জেন্টিনা
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছিলেন, নেইমারের পুনর্বাসন পরিকল্পনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং স্কটল্যান্ড ম্যাচের জন্য তিনি পরিকল্পনায় থাকবেন। প্রায় এক মাস আগে পাওয়া চোটের কারণে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড মরক্কো ও হাইতির বিপক্ষে খেলতে পারেননি।
বিজ্ঞাপন
রবিবার দলের সঙ্গে প্রথম পূর্ণ সেশন শেষ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন নেইমার। দীর্ঘ পুনর্বাসনের পর জাতীয় দলের অনুশীলনে পুরোপুরি ফিরতে পেরে তিনি সন্তুষ্টি জানিয়েছেন।
ব্রাজিল বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে। মরক্কোর সঙ্গে ১-১ ড্র করার পর হাইতিকে ৩-০ গোলে হারিয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে সেলেসাওরা। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি গ্রুপসেরা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন সময়ে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করতে পারে।
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপকে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন নেইমার। তাই স্কটল্যান্ডের বিপক্ষে তিনি যদি মাঠে নামেন, তাহলে সেটি হবে চলমান বিশ্বকাপে তার বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন।








