ফ্রি কিকে মেসির গোল, জয়ের খুব কাছে গিয়েও হতাশ মায়ামি

চার দিন আগে ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলের বিপক্ষে দুর্দান্ত জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্টার মায়ামি। সেই ম্যাচেও গোল পেয়েছিলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের নিয়মিত মৌসুমে ফিরেও গোলের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে মেসির গোলও মায়ামিকে জয় এনে দিতে পারেনি। ফলে লিগে তাদের জয়খরা বেড়ে দাঁড়িয়েছে টানা চার ম্যাচে।
বিজ্ঞাপন
স্যান ডিয়েগোর বিপক্ষে নিজেদের মাঠ নু স্টেডিয়ামে মেসির ফ্রি কিক থেকে গোল পেয়ে সমতায় ফেরে মায়ামি। এরপর লুইস সুয়ারেজের গোলে এগিয়েও যায় ফ্লোরিডার দলটি। কিন্তু শেষ পর্যন্ত ড্যানিশ ফরোয়ার্ড অ্যান্ডার্স ড্রেয়ারের জোড়া গোলে জয় হাতছাড়া হয় তাদের। ফলে টানা চতুর্থ ম্যাচে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।
ম্যাচের ১২ মিনিটেই ড্রেয়ার মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে স্যান ডিয়েগোকে এগিয়ে দেন। এরপর ফাইনাল থার্ডে বল দখলের পাশাপাশি দীর্ঘ সময় আধিপত্য ধরে রাখে মায়ামি। এরই ধারাবাহিকতায় ২৪তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা।
বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি কিক নেন মেসি। তাঁর নেওয়া শটটি কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে গোললাইনের সামনে পড়ে। এরপর দূরের পোস্টে লেগে বল জড়িয়ে যায় জালে। এতে ম্যাচে সমতা ফেরানোর পাশাপাশি মায়ামিকে নতুন করে লড়াইয়ে ফেরান আর্জেন্টাইন তারকা।
বিজ্ঞাপন
লিগে এটি মেসির ২০তম গোল। আগের ম্যাচে ক্যারিয়ারের গোলের সংখ্যা ৯০০ পেরিয়ে যাওয়া এই আর্জেন্টাইন তারকা মায়ামির জার্সিতে ১০১তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারের ৯৩০তম গোলের দেখা পেলেন। ফ্রি কিক থেকে এটি ছিল তাঁর ৭৫তম গোল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মেসির সেই গোলের পর মায়ামি স্যান ডিয়েগোর বক্সে আক্রমণের চাপ আরও বাড়িয়ে দেয়। একের পর এক আক্রমণ তৈরি করতে থাকা স্বাগতিকদের দেখে মনে হচ্ছিল, জয়সূচক গোলটি যেন কেবল সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মায়ামি।
বিজ্ঞাপন
রদ্রিগো দে পলের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। গোলের পর মায়ামি জয়ের আভাস দিয়েই ম্যাচের শেষ ১০ মিনিটে প্রবেশ করে। কিন্তু শেষ মুহূর্তে ম্যাচের চিত্র পাল্টে দেয় স্যান ডিয়েগো।
ভার্সকোভের নিখুঁত পাস পেয়ে ড্রেয়ার আবারও মায়ামির রক্ষণ ভেঙে বল জালে পাঠান। তাঁর দ্বিতীয় গোলেই ২-২ সমতায় ফেরে স্যান ডিয়েগো। এরপর আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।
এ নিয়ে শেষ নয় ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে মায়ামি। টানা চার ম্যাচে ড্রয়ের পর মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলেও তাদের অবস্থানের অবনতি হয়েছে। ২৬ ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে তৃতীয় স্থানে। সমান ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশন। আর শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে মায়ামি পিছিয়ে রয়েছে ১১ পয়েন্টে।








