Logo

দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ জুন, ২০২৬, ০৬:০১
দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে ফিরলেন নেইমার জুনিয়র। ২০২৩ সালের অক্টোবরে চোটে আক্রান্ত হওয়ার পর জাতীয় দলের হয়ে আর খেলা হয়নি তার। ক্লাব ফুটবলে ফিরলেও সেলেসাওদের জার্সিতে প্রত্যাবর্তনের জন্য তাকে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে।

বিজ্ঞাপন

পুনর্বাসন ও একাধিক চোটের ধাক্কা সামলে অবশেষে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান এই তারকা ফরোয়ার্ড। তবে দলে ফিরেও প্রথম দুই ম্যাচে বেঞ্চেই বসে থাকতে হয় তাকে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেই শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটে।

হিসাব অনুযায়ী প্রায় ৯৮১ দিন পর ব্রাজিলের হয়ে মাঠে নামেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত সাইডলাইনে অপেক্ষা করার পর কোচ কার্লো আনচেলত্তি তাকে মাঠে নামার নির্দেশ দেন।

নেইমার মাঠে নামার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিয়েছিল ব্রাজিল। প্রথমার্ধে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাথিউস কুনহা ব্যবধান ৩-০ করেন। গোলের পর কুনহার উদযাপনেও ছিলেন নেইমার। পরে সেই কুনহাকেই তুলে নিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টারকে মাঠে নামান আনচেলত্তি।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় পর জাতীয় দলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিল সমর্থকদের জন্য ছিল ম্যাচের অন্যতম বড় আকর্ষণ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD