ফুটবলের ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

ব্রাজিল ফুটবলের ইতিহাসে কিংবদন্তি কয়েকজন তারকার পাশে নিজের নাম লিখিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২৪ বছর পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করার নজির গড়েছেন এই ফরোয়ার্ড।
বিজ্ঞাপন
স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের জয়ে দলের হয়ে দুটি গোল করেন ২৫ বছর বয়সী ভিনিসিয়ুস। এই জোড়া গোলেই তিনি স্পর্শ করেন বিশেষ এক মাইলফলক।
এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ফলে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার কীর্তি গড়ে তুলেছেন ভিনিসিয়ুস, যা সর্বশেষ দেখা গিয়েছিল ২০০২ বিশ্বকাপে। সেবার ব্রাজিলের শিরোপা জয়ের পথে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন রোনালদো নাজারিও ও রিভালদো।
বিজ্ঞাপন
এই অর্জনের মাধ্যমে ভিনিসিয়ুস জায়গা করে নিয়েছেন ব্রাজিল ফুটবলের এক বিশেষ তালিকায়। এর আগে মাত্র তিনটি বিশ্বকাপে চারজন খেলোয়াড় এমন কৃতিত্ব দেখিয়েছেন। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো-রিভালদো জুটি গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচে গোল করেছিলেন।
মজার বিষয় হলো, ওই তিন আসরেই শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল। ফলে ভিনিসিয়ুসের এই নতুন কীর্তির পর সমর্থকদের মধ্যে আবারও শিরোপা জয়ের স্বপ্ন জোরালো হয়েছে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলে ব্রাজিল পেতে পারে তাদের কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা।








