দলে ফিরেই কাঁদলেন নেইমার, মাঠে ছেলের সঙ্গে আবেগঘন মুহূর্ত

দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরে আবেগ ধরে রাখতে পারেননি নেইমার। ম্যাচ শেষে পরিবারের সঙ্গে দেখা করে চোখের পানি ফেলতে দেখা যায় ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে।
বিজ্ঞাপন
ম্যাচের শুরু থেকেই ব্রাজিলের বেঞ্চের দিকে ছিল ফটোগ্রাফারদের বিশেষ নজর। সবাই অপেক্ষায় ছিলেন নেইমারের প্রত্যাবর্তনের মুহূর্তটি ক্যামেরাবন্দি করার জন্য। অবশেষে ম্যাচের ৭৫তম মিনিটে ম্যাথিউস কুনহার পরিবর্তে মাঠে নামেন তিনি। তার মাঠে নামার ঘোষণার সঙ্গে সঙ্গে গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
তবে মাঠে নেমে বড় কোনো প্রভাব ফেলতে পারেননি নেইমার। এর আগেই ব্রাজিল ৩-০ গোলে এগিয়ে গিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল।
বিজ্ঞাপন
খেলা শেষে সরাসরি গ্যালারির দিকে ছুটে যান নেইমার। সেখানে ছিলেন তার পরিবারের সদস্যরা। স্ত্রী ব্রুনা বিয়ানকার্দিসহ পরিবারের সবাই তাকে স্বাগত জানান। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
এক পর্যায়ে নিজের বড় ছেলে, ১৪ বছর বয়সী ডেভি লুকাকে কাছে ডাকেন নেইমার। নিরাপত্তাকর্মীরা প্রথমে তাকে বাধা দিলেও পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর বাবা-ছেলের দেখা হয়। দুজনের আলিঙ্গনের সেই মুহূর্ত গ্যালারি ও মাঠজুড়ে আবেগঘন পরিবেশ তৈরি করে।
ম্যাচ শেষে নেইমার বলেন, “খেলা শেষ হওয়ার পর আমি আবেগে ভেসে গিয়েছিলাম। পরিবারের সঙ্গে দেখা করলাম, সবাই কাঁদছিল, হাসছিল, আনন্দ করছিল। এটি ছিল এক অসাধারণ অনুভূতি।”
বিজ্ঞাপন
জাতীয় দলে ফেরার অনুভূতি নিয়ে তিনি বলেন, “এটি আমার জন্য কৃতজ্ঞতার মুহূর্ত। আমার লক্ষ্য ছিল বিশ্বকাপে খেলা, জাতীয় দলে ফেরা এবং আবার এই জার্সি গায়ে তোলা। ব্রাজিলের হয়ে খেলতে আমি সবসময়ই ভালোবাসি।”
সমর্থকদের উদ্দেশে নেইমার বলেন, “ব্রাজিলের মানুষকে ধন্যবাদ জানাই। তাদের ভালোবাসা ও অব্যাহত সমর্থন আমাকে শক্তি জুগিয়েছে। এই পথটা সহজ ছিল না, কিন্তু আমরা সফল হয়েছি।”








