Logo

বিশ্বকাপের আগেই আর্জেন্টিনাকে নিয়ে যা বলেছিলেন ভোজিনহা

profile picture
ক্রীড়া ডেস্ক
২৮ জুন, ২০২৬, ১৬:২৭
বিশ্বকাপের আগেই আর্জেন্টিনাকে নিয়ে যা বলেছিলেন ভোজিনহা
ছবি: সংগৃহীত

স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো শক্তিশালী দল থাকা কঠিন গ্রুপ পেরিয়ে নকআউট পর্বে উঠে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। কয়েক লাখ মানুষের ছোট্ট এই দেশটির রূপকথার মতো বিশ্বকাপ অভিযানের অন্যতম নায়ক অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সী এই তারকা নিজেদের প্রথম ম্যাচেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।

বিজ্ঞাপন

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে একের পর এক দুর্দান্ত সেভ করে বিশ্ব ফুটবলে আলোড়ন তোলেন তিনি। সেই পারফরম্যান্সের পর রাতারাতি বদলে যায় তার পরিচিতি। বিশ্বকাপ শুরুর আগে খুব কম মানুষই ভোজিনহাকে চিনতেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার পরিচিতি ছিল সীমিত। তবে এখন তার অনুসারীর সংখ্যা ১৭ মিলিয়নের গণ্ডি ছাড়িয়ে গেছে।

রাউন্ড অব বত্রিশে আগামী ৪ জুলাই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। মজার বিষয় হলো, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনার বিপক্ষে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন ভোজিনহা। একই সঙ্গে নিজের প্রিয় ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার স্বপ্নের কথাও জানিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা বলেছিলেন, ‘আমার কাছে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। আমি তার বিপক্ষে খেলতে চাই। সুযোগ হলে তার জার্সিটাও সংগ্রহ করতে চাই।’

আর্জেন্টিনা প্রসঙ্গে বলেছিলেন, “যদি আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারি, সেটা দারুণ হবে। কারণ আমার কাছে সর্বকালের সেরা ফুটবলার মেসি।” মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানিয়ে তিনি আরও বলেন, “সত্যি বলতে, আমি লিওনেল মেসির বিপক্ষে খেলতে চাই। সুযোগ হলে তার জার্সিটাও সংগ্রহ করতে চাই।”

বিজ্ঞাপন

মজার ছলে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, কেপ ভার্দে যদি ১-০ গোলে জেতে এবং তিনি যদি একটি পেনাল্টিও ঠেকান? জবাবে ভোজিনহা হেসে বলেন, “ওটা হলে খুব বেশি বাড়াবাড়ি হবে হয়তো। এমন কীর্তি গড়া সত্যিই স্বপ্নের মতো।” অথচ কে জানতো! কয়েক সপ্তাহ পর বিশ্বকাপ খেলতে নেমে দুর্দান্ত সব সেভ করে এরই মধ্যে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন।

ভোজিনহার সঙ্গে আর্জেন্টিনার আরেকটি মজার সম্পর্কও রয়েছে। তার প্রকৃত নাম জোসিমার হলেও, তার বাবা ছেলের নাম রাখতে চেয়েছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি হোর্হে ভালদানোর নামে। কিন্তু কেপ ভার্দের নিবন্ধন কর্তৃপক্ষ সেই নাম অনুমোদন না দেওয়ায় শেষ পর্যন্ত তার নাম রাখা হয় জোসিমার।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD