এমসিসির আজীবন সদস্য তামিম, অভিনন্দন জানাল বেঙ্গল টাইগার্স

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এবং লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এ সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে সংগঠন বেঙ্গল টাইগার্স।
বিজ্ঞাপন
সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সাব্বির আহমেদ রুবেল এক শুভেচ্ছাবার্তায় বলেন, তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের একজন কিংবদন্তি। এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি গর্বের অর্জন।
তিনি আরও বলেন, খেলোয়াড়ি জীবন শেষে বিসিবির সভাপতির দায়িত্বও সফলভাবে পালন করছেন তামিম। এমন দায়িত্বে থাকা অবস্থায় এমসিসির মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের আজীবন সদস্যপদ পাওয়া দেশের ক্রিকেটের জন্য সম্মানের বিষয়।
বিজ্ঞাপন
তামিম ইকবাল বাংলাদেশের চতুর্থ ব্যক্তি হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ অর্জন করলেন। এর আগে এ স্বীকৃতি পেয়েছিলেন বিসিবির সাবেক সহসভাপতি প্রয়াত রাইসউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রোববার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ঐতিহ্যবাহী অনার্স বোর্ডের সামনে আয়োজিত অনুষ্ঠানে তামিমের হাতে সম্মাননার স্মারক তুলে দেয় এমসিসি। ২০১০ সালে লর্ডসে টেস্ট সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লেখানো প্রথম বাংলাদেশি ব্যাটার ছিলেন তিনি। একই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে অনার্স বোর্ডে জায়গা করে নিয়েছিলেন পেসার শাহাদাত হোসেন রাজীব।
বিজ্ঞাপন
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসি এ বছর মোট পাঁচজনকে সম্মানসূচক আজীবন সদস্যপদ দিয়েছে। তামিম ইকবালের পাশাপাশি এই তালিকায় রয়েছেন ভারতের চেতেশ্বর পূজারা, নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন এবং অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার মেলানি জোন্স।








