আলোচিত তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ জিতবে পর্তুগাল

ঘানার আলোচিত স্বঘোষিত তান্ত্রিক নানা কোয়াকু বোনসাম আবারও বিশ্বকাপ নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী করেছেন। তার দাবি, ২০২৬ বিশ্বকাপের শিরোপা উঠবে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগালের হাতে। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে তার এ বক্তব্য প্রকাশের পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সম্প্রতি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘কালো জাদু’ করার দাবি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিদায় নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন বোনসাম। এবার তিনি দাবি করেছেন, ফুটবলের লড়াই মাঠে হলেও টুর্নামেন্টের ভাগ্য নাকি আগেই ‘আধ্যাত্মিক জগতে’ নির্ধারিত হয়ে গেছে।
বোনসামের ভাষ্য, পর্তুগাল ইতোমধ্যেই আধ্যাত্মিকভাবে বিশ্বকাপ জিতে নিয়েছে। তাই রোনালদোর দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং এবার তার বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হবে।
বিজ্ঞাপন
এর আগে গ্রুপ পর্বে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে হ্যারি কেইনকে গোল করতে না দেওয়ার জন্য ‘কালো জাদু’ করার দাবি করেছিলেন এই ঘানার তান্ত্রিক। ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কীভাবে প্রতিপক্ষকে থামাতে হয়, তা তার জানা আছে।
সেই ম্যাচে ইংল্যান্ড গোলশূন্য ড্র করে এবং কেইন গোল করতে পারেননি। এরপর বোনসামের বক্তব্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে ম্যাচ শেষে তিনি দাবি করেন, কেইনের ওপর দেওয়া কথিত ‘অভিশাপ’ তুলে নিয়েছেন। এমনকি তিনি বলেন, ইংলিশ এই তারকার প্রতি তার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই এবং ভবিষ্যতে নিজের সন্তানের নামও হ্যারি কেইনের নামে রাখবেন।
ঘানার রাজধানী আক্রায় তিনটি উপাসনালয় পরিচালনাকারী নানা কোয়াকু বোনসাম নিজেকে আফ্রিকান ঐতিহ্যবাহী পুরোহিত ও ভেষজ চিকিৎসক হিসেবে পরিচয় দেন। অতীতেও ফুটবলকে ঘিরে বিভিন্ন বিতর্কিত দাবি করে তিনি আলোচনায় এসেছেন।
বিজ্ঞাপন
২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের সময়ও তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর চোটের পেছনে তার আধ্যাত্মিক প্রভাব ছিল। তবে ১২ বছর পর সেই একই বোনসাম এখন দাবি করছেন, এবারের বিশ্বকাপ ট্রফি উঠবে রোনালদো ও পর্তুগালের হাতেই।








