Logo

রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মিশরের ফুটবলার জিকো

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ জুলাই, ২০২৬, ১২:৩৬
রেফারিং নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন মিশরের ফুটবলার জিকো
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে পরাজয়ের পর আবেগাপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। ম্যাচ শেষে তিনি রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তাদের প্রতি ন্যায্য আচরণ করা হয়নি। একই সঙ্গে তিনি বলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে শুরুতে দারুণ ছন্দে ছিল মিশর। একপর্যায়ে তারা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে শেষ ১৩ মিনিট ১৫ সেকেন্ডে টানা তিনটি গোল করে ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটায় আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লিওনেল মেসির দল।

ম্যাচ শেষ হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে নিজের হতাশার কথা তুলে ধরেন জিকো। তার দাবি, পুরো ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত মিশরের বিপক্ষে গেছে এবং এসব সিদ্ধান্তই ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, আর্জেন্টিনাকে আগাম বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা। তবে এই ম্যাচে রেফারিং মোটেও ন্যায্য ছিল না। তার ভাষায়, ম্যাচ পরিচালনায় একের পর এক অন্যায্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি বিশ্বাস করেন, সর্বশেষ বিচারক একমাত্র আল্লাহ।

জিকোর অভিযোগ, ম্যাচের শুরু থেকেই প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে মিশরের খেলোয়াড়দের প্রতি কঠোর আচরণ করেছেন। তিনি দাবি করেন, রেফারি বারবার খেলার গতি থামিয়েছেন এবং তাদের স্বাভাবিক ছন্দ নষ্ট করার মতো সিদ্ধান্ত নিয়েছেন।

মিশরের এই ফুটবলার আরও বলেন, তার দল পুরো ম্যাচজুড়ে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং পারফরম্যান্সের দিক থেকে তারা নিজেদের সেরাটাই দিয়েছে। কিন্তু বিতর্কিত রেফারিংয়ের কারণে সেই প্রচেষ্টার যথাযথ মূল্য পাওয়া যায়নি বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

ম্যাচটি শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফুটবল অঙ্গনেও রেফারিং নিয়ে আলোচনা শুরু হয়। মিশর শিবিরের খেলোয়াড় ও কোচিং স্টাফের একাংশও ম্যাচ পরিচালনা নিয়ে প্রশ্ন তোলেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাখ্যা দাবি করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে জিকোর অভিযোগের বিষয়ে ম্যাচ শেষে আয়োজক কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট ফুটবল সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। একইভাবে অভিযুক্ত রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে এই নাটকীয় জয়ের মাধ্যমে আর্জেন্টিনা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। বিপরীতে, জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তের হতাশাজনক পরাজয়ে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে মিশরের।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD