Logo

আধুনিক ফুটবলের ইতিহাসে অনন্য উচ্চতায় ওঠার অপেক্ষায় স্কালোনি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ জুলাই, ২০২৬, ১৪:৫৮
আধুনিক ফুটবলের ইতিহাসে অনন্য উচ্চতায় ওঠার অপেক্ষায় স্কালোনি
ছবি: সংগৃহীত

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনা ফুটবল ছিল গভীর সংকট ও হতাশার মধ্যে। চার বছর আগে বিশ্বকাপের ফাইনালে ওঠা দলটি রাশিয়ায় শেষ ষোলো থেকেই বিদায় নেয়। এরপর জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে বিশ্বের অনেক নামকরা কোচ আগ্রহ দেখাননি। ঠিক সেই সময়ই অনেকটা অপ্রত্যাশিতভাবে দায়িত্ব পান লিওনেল স্কালোনি। সেই স্কালোনিই এখন আধুনিক ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা কোচ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

বিজ্ঞাপন

৪৮ বছর বয়সী স্কালোনির অধীনে প্রথম বিশ্বকাপ খেলেই আর্জেন্টিনাকে দীর্ঘ সাড়ে তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেন লিওনেল মেসিরা। এবার তার শিষ্যরা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলতে যাচ্ছে। আগামীকাল (রবিবার) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লক্ষ্য—ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লেখা।

ইতিহাসে মাত্র দুটি দেশ পরপর দুই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পেরেছে। ১৯৩৪ ও ১৯৩৮ বিশ্বকাপে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে বিজয়োল্লাস করেছিল ব্রাজিল। আর্জেন্টিনারও এবার সেই রেকর্ডে নিজের নামটি খোদাই করার বড় সুযোগ রয়েছে। তবে পরপর দুই বিশ্বকাপেই কোচ হিসেবে বিশ্বরেকর্ডটি কেবল একজনের দখলে আছে। তিনি হচ্ছেন ইতালিয়ান কিংবদন্তি ভিত্তোরিও পোজ্জো। ইতালির দু’বার বিশ্বসেরা হওয়ার মঞ্চেই তিনি ডাগআউটের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, ১৯৫৮ ও ১৯৬২ সালের বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন যথাক্রমে ভিসেন্তে ফিওলা এবং আইমোর মোরেরা। অর্থাৎ, দল হিসেবে ব্রাজিল পরপর বিশ্বকাপ জিতলেও তাদের ডাগআউটে ছিলেন ভিন্ন দুজন কোচ। এখন পর্যন্ত ২২টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি আছে ২১ কোচের। তবে ৫ জন কোচ একবার করে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন। রোববারের ফাইনালে আর্জেন্টিনা না জিতলে সেই এলিট লিস্টে ঢুকে যাবেন স্কালোনি। আর চ্যাম্পিয়ন হলে হবেন সবমিলিয়ে মাত্র দ্বিতীয় এবং আধুনিক ফুটবলের প্রথম কোচ হিসেবে দুটি বিশ্বকাপজয়ী কোচ।

বিজ্ঞাপন

একবার করে বিশ্বচ্যাম্পিয়ন এবং রানার্সআপ হওয়ার রেকর্ড রয়েছে– জার্মানির হেলমুট শ্যুন (১৯৭৪ চ্যাম্পিয়ন, ১৯৬৬ রানার্সআপ) ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (১৯৯০ চ্যাম্পিয়ন, ১৯৮৬ রানার্সআপ), আর্জেন্টিনার কার্লোস সালভাদোর বিলার্দো (১৯৮৬ চ্যাম্পিয়ন, ১৯৯০ রানার্সআপ), ব্রাজিলের মারিও জাগালো (১৯৭০ চ্যাম্পিয়ন, ১৯৯৮ রানার্সআপ) এবং ফ্রান্সের দিদিয়ের দেশম (২০১৮ চ্যাম্পিয়ন, ২০২২ রানার্সআপ)।

বিশ্বকাপ ইতিহাসে আরেকটি অনন্য রেকর্ড রয়েছে ব্রাজিলকে ১৯৯৪ সালে শিরোপা জেতানো কোচ কার্লোস আলবার্তো পেরেইরার দখলে। তিনি একমাত্র কোচ হিসেবে পাঁচটি ভিন্ন দেশের দায়িত্ব নিয়ে মোট ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। তবে এবার সব আলোচনার কেন্দ্রবিন্দুতে স্কালোনি। কারণ আর মাত্র একটি জয়ই তাকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা কোচদের কাতারে স্থায়ীভাবে জায়গা করে দিতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD