বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন জানালেন নেতানিয়াহু

বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত ফাইনালের আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এই অবস্থান ফুটবলপ্রেমের বাইরে রাজনৈতিক দিক থেকেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, এই সমর্থনের পেছনে ক্রীড়া-আবেগের চেয়ে রাজনৈতিক অবস্থানই বেশি প্রাধান্য পেয়েছে। বিশেষ করে ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনার সম্পূর্ণ ভিন্ন অবস্থানের কারণে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার প্রতি নেতানিয়াহুর প্রকাশ্য সমর্থনকে রাজনৈতিক কূটনীতির অংশ হিসেবেই দেখছেন তারা।
শনিবার (১৮ জুলাই) ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে এক আনুষ্ঠানিক বৈঠকে নেতানিয়াহু এ সমর্থনের ঘোষণা দেন।
বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার কট্টর ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি অডিও শুভেচ্ছা বার্তা নেতানিয়াহুর কাছে হস্তান্তর করেন।
বিজ্ঞাপন

সেই বার্তায় নেতানিয়াহুকে উদ্দেশ্য করে মিলেই বলেন, 'আপনি আমার বন্ধু, যিনি সবসময় আমাদের সমর্থন করে আসছেন। আপনি যে শুধু আমার কারণেই আর্জেন্টিনার জয় কামনা করছেন, তা শুনে আমার খুব ভালো লেগেছে।'
জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, 'হাভিয়ের, আপনি একজন বন্ধু। একদম সত্যিকারের বন্ধু, একজন মহৎ বন্ধু। আমরা আপনাদের সমর্থন করি। এমনকি আগামীকালের ম্যাচসহ আরও বহু বিষয়ে আমরা আর্জেন্টিনার পাশে আছি। অনেক শুভকামনা!'
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রোববারের ফাইনাল ম্যাচটি মাঠের লড়াই ছাড়িয়ে প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক মঞ্চে রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াসহ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে সোচ্চার অবস্থান নিয়েছে স্পেন। বিপরীতে, আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই দায়িত্ব নেওয়ার পর থেকেই ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে আসছেন। ফলে দুই দেশের রাজনৈতিক অবস্থানের এই পার্থক্য বিশ্বকাপের ফাইনাল ঘিরেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন








