ইউরোপের পর এবার বিশ্ব চ্যাম্পিয়ন, স্পেনের অনন্য রেকর্ড

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার বিশ্বকাপও নিজেদের করে নিয়ে ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে স্পেন। টানা ইউরো ও ফিফা বিশ্বকাপ জয়ের কীর্তি দ্বিতীয়বার গড়ে বিশ্ব ফুটবলে অনন্য নজির স্থাপন করেছে লা রোজা।
বিজ্ঞাপন
রবিবার নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে স্পেন। এর আগে ২০২৪ সালে তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছিল।
এটি অবশ্য স্পেনের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। ২০০৮ সালে ইউরো জয়ের পর ২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে একই কীর্তি গড়েছিল দলটি।
ফুটবল ইতিহাসে স্পেন ছাড়াও আরও দুটি দেশ টানা ইউরো ও বিশ্বকাপ জয়ের সাফল্য অর্জন করেছে। পশ্চিম জার্মানি ১৯৭২ সালের ইউরো এবং ১৯৭৪ সালের বিশ্বকাপ জিতেছিল। পরে ফ্রান্স ১৯৯৮ সালের বিশ্বকাপের পর ২০০০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের করে নেয়।
বিজ্ঞাপন
তবে দুটি ভিন্ন সময়ে টানা ইউরো ও বিশ্বকাপ জয়ের নজির স্থাপন করতে পারেনি আর কোনো দেশ। সেই কৃতিত্ব একমাত্র স্পেনের, যা তাদের বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য রেকর্ডের মালিক করেছে।








