‘আর্জেন্টিনার আচরণ ছিল জঘন্য’

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের আচরণ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। বিশেষ করে ম্যাচ শেষে স্পেনের মিডফিল্ডার গাভিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি এবং শিরোপা গ্রহণের সময় স্পেনের খেলোয়াড়রা ট্রফি উঁচিয়ে ধরলেও আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনা ফুটবল অঙ্গনে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এসব ঘটনার তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক জো হার্ট।
বিজ্ঞাপন
স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের পর ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে জো হার্ট বলেন, ‘আজ মাঠে সত্যিকারের খেলোয়াড়সুলভ আচরণ দেখিয়েছে একজনই, সে হলো লিওনেল মেসি। ম্যাচ শেষ হওয়ার পর সে স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সঙ্গে হাত মিলিয়েছে। আজ যা হয়েছে, তা নিয়ে আর্জেন্টিনার অভিযোগ করার কিছুই নেই। তাদের আচরণ ছিল জঘন্য।’
একই সঙ্গে স্পেনের পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেন সাবেক এই গোলরক্ষক, ‘স্পেন পুরোপুরি এই শিরোপার যোগ্য। পুরো টুর্নামেন্টজুড়েই তারা অসাধারণ ফুটবল খেলেছে। ফাইনালেও তারা শক্ত ও লড়াকু আর্জেন্টিনাকে পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ করেছে। এই বিশ্বকাপের সেরা দলই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে।’
ফাইনালের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে ইতোমধ্যেই সাবেক ফুটবলার, কোচ ও বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে ম্যাচ-পরবর্তী উত্তেজনাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন। তবে জো হার্টের বক্তব্যে একটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তিনি আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের আচরণের কঠোর সমালোচনা করলেও অধিনায়ক লিওনেল মেসির ক্রীড়াসুলভ মনোভাবের আলাদা প্রশংসা করেছেন।
বিজ্ঞাপন








