Logo

বিশ্বসেরা অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ, কঠিন পরীক্ষার আভাস

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ১৬:১৬
বিশ্বসেরা অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ, কঠিন পরীক্ষার আভাস
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে সিরিজ শুরুর আগে তাসমান পাড়ে নিজেদের প্রস্তুতিও শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল। আগামীকাল শুক্রবার মাঠে গড়াবে দুই দলের প্রথম ওয়ানডে।

বিজ্ঞাপন

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার নিজেদের প্রস্তুতি ও সিরিজের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ ডেভিড হেম্প। বিসিবির প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি জানান, অস্ট্রেলিয়ায় প্রথম দ্বিপাক্ষিক সিরিজ হওয়ায় প্রস্তুতির দিক থেকে দল বেশ ভালো অবস্থায় রয়েছে।

হেম্প বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় প্রথমবার খেলছি, তাই প্রস্তুতি সত্যিই বেশ ভালো হয়েছে। আমরা ভাগ্যবান যে একটি অনুশীলন ম্যাচ পেয়েছিলাম, কিন্তু আমরা যেসব উইকেটে অনুশীলন করেছি সেগুলো চমৎকার ছিল।’

তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি প্রতিপক্ষের মানসিক চাপ সামলানোও বাংলাদেশের জন্য বড় পরীক্ষা হবে বলে মনে করছেন হেম্প। অস্ট্রেলিয়া বর্তমানে নারী ক্রিকেটের দুই সংস্করণেই শীর্ষে থাকায় নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলাটাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা এই সত্যটা লুকিয়ে রাখতে পারি না যে আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি, যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণেই এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে সেটিকে জয় করা।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে কোনো ধরনের আক্ষেপ নিয়ে ফিরতে চান না হেম্প। প্রতিটি ম্যাচে নিজেদের পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চটা দেওয়াই তার মূল লক্ষ্য।

হেম্প বলেন, ‘আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয় যে, ইস! আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।’

বিজ্ঞাপন

প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে নামার আগে তাই প্রস্তুতির পাশাপাশি আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তার ওপরও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ নারী দল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD