Logo

হাসানের হ্যাটট্রিক, ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারাল আফগানরা

profile picture
ক্রীড়া ডেস্ক
১১ অক্টোবর, ২০২৬, ১২:৩৭
হাসানের হ্যাটট্রিক, ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারাল আফগানরা
ছবি: সংগৃহীত

আবুধাবি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই আফগানিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ও এবাদত হোসেন। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছেন হাসান। মাত্র ১ রানের ব্যবধানে চার উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২১৭ রান করেছিল আফগানিস্তান। তৃতীয় দিনের শুরুতে তাদের সেই ছন্দ কেড়ে নেন বাংলাদেশের বোলাররা। হাসানের হ্যাটট্রিকের পর ২২০ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা।

সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন হাসান। এর আগে ২০০৩ সালে অলক কাপালি ও ২০১৩ সালে সোহাগ গাজী টেস্টে হ্যাটট্রিক করেছিলেন। এ ছাড়া চলতি বছর টেস্ট ক্রিকেটে এটিই প্রথম হ্যাটট্রিক। ফরম্যাটটির ইতিহাসে এটি ৫০তম হ্যাটট্রিকের ঘটনা।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টেস্টে হাসানের এই হ্যাটট্রিক আসে পরপর তিন বলে। প্রথমে ইসমত আলমকে বোল্ড করেন তিনি। হাসানের নিচু হয়ে আসা বলের লাইন বুঝতে পারেননি এই আফগান ব্যাটার। এরপর পরপর দুই বলে ফিরে যান কায়েস আহমেদ ও জিয়া-উর-রেহমান। কায়েস ব্যাটের কানায় বল লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন। পরের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জিয়া-উর-রেহমান। দুজনই কোনো রান করতে পারেননি।

বিজ্ঞাপন

তবে তৃতীয় দিনের শুরুতে আফগানিস্তানের ব্যাটিংয়ে প্রথম আঘাতটি হানেন এবাদত হোসেন। দিনের তৃতীয় ওভারেই তার ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন আগের দিন অপরাজিত থাকা ইকরাম আলিখিল। ৩২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এক প্রান্তে সতীর্থদের একের পর এক ফিরে যাওয়া দেখেছেন আফগান অধিনায়ক রহমত শাহ। তখনো তিনি ৮৬ রানে অপরাজিত ছিলেন।

হ্যাটট্রিকের পর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে নিজের চতুর্থ উইকেটও তুলে নেন হাসান। এ ছাড়া এবাদত হোসেন নিয়েছেন তিনটি উইকেট এবং মেহেদী হাসান মিরাজ পেয়েছেন একটি উইকেট। আগের দিন একাধিকবার জীবন পাওয়া আফগান ব্যাটার আবদুল মালিক করেছিলেন ৬২ রান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD