Logo

শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র, বেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৫, ১৭:০০
শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র, বেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার
ছবি: সংগৃহীত

দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও জোরদার হয়ে উত্তর ও উত্তর–পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে। ঝড়টি ক্রমশ শক্তি সঞ্চয় করায় আবহাওয়া দপ্তর সমুদ্রবন্দরগুলোকে সতর্ক সংকেত জারি রাখার নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) প্রকাশিত সর্বশেষ আবহাওয়া বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের স্থায়ী গতিবেগ ঘণ্টায় প্রায় ৬২ কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়ায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়, শ্রীলঙ্কা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে অবস্থানরত ‘ডিটওয়াহ’ ধীরে ধীরে একই দিকেই এগিয়ে চলেছে এবং আরও শক্তি অর্জনের সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির অবস্থান চারটি সমুদ্রবন্দর থেকে নিম্নরূপ দূরত্বে শনাক্ত করা হয়— চট্টগ্রাম থেকে প্রায় ১৮৮০ কিমি দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১৮৩০ কিমি, মোংলা থেকে ১৭৫০ কিমি এবং পায়রা থেকে প্রায় ১৭৫৫ কিমি দূরে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বজায় রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া উত্তরের বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ায় আবহাওয়াবিদরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD