Logo

শৈত্যপ্রবাহের থাবায় চুয়াডাঙ্গা, থমকে গেছে জনজীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১ জানুয়ারি, ২০২৬, ১১:৪৫
শৈত্যপ্রবাহের থাবায় চুয়াডাঙ্গা, থমকে গেছে জনজীবন
ছবি: জনবাণী।

মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হাড়কাঁপানো শীতে কার্যত স্থবির হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল, অসহায় ও দিন আনা দিন খাওয়া মানুষরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। টানা দুদিন ধরে জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শীতের তীব্রতা আরও বেড়েছে।

আরও পড়ুন: ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সেদিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়, যা আগামী আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আঞ্চলিক আবহাওয়া অফিস।

ভোর থেকেই ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসে জেলার রাস্তাঘাট প্রায় জনশূন্য হয়ে পড়ে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইছেন না। তবে জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। জেলার বিভিন্ন মোড়, চায়ের দোকান ও বাজার এলাকায় খড়কুটো, কাঠ ও পুরনো টায়ার জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের।

আরও পড়ুন: আগামী ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই আবহাওয়া পরিস্থিতি আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD