আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বসন্তের ফাল্গুনে এবার অকাল বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে দেওয়া বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা তিন দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি রোববার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।
লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে প্রথমে উত্তরবঙ্গের রংপুর বিভাগে বৃষ্টি শুরু হতে পারে। রোববার রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিধি আরও বিস্তৃত হবে। রংপুর ছাড়াও রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অবশেষে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী
বিজ্ঞাপন
ঢাকা ও চারটি বিভাগেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার এই বৃষ্টিপাত ঢাকায়ও পড়তে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। প্রথম ২৪ ঘণ্টায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও পরদিন থেকে মেঘের ঘনত্ব বাড়তে শুরু করবে।
তাপমাত্রা সম্পর্কে অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অর্থাৎ দিনের মধ্যে কিছুটা গরম অনুভূত হলেও রাতের বেলা হালকা শীত বজায় থাকবে।








