Logo

ঈদের দিনে কালবৈশাখীর শঙ্কা, কয়েক বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মার্চ, ২০২৬, ১৬:৪৬
ঈদের দিনে কালবৈশাখীর শঙ্কা, কয়েক বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ফাইল ছবি

আসন্ন ঈদুল ফিতর ঘিরে দেশজুড়ে উৎসবের প্রস্তুতি চললেও আবহাওয়ার পরিস্থিতি নিয়ে নতুন শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিনই দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

বিজ্ঞাপন

জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে এই সময়টাতে আবহাওয়ার কিছুটা বিরূপ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঈদের আগে ও পরে আবহাওয়া মোটামুটি অনুকূলে থাকলেও ২০ ও ২১ মার্চের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে এই সময়কালেই কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে ঈদের দিন ঝড়ের প্রভাব বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এসব এলাকায় দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বিজ্ঞাপন

তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সব মিলিয়ে ঈদ উদযাপনের সময় আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি থাকায় বাইরে চলাচলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD